ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভের প্রসঙ্গ টেনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেশ ছাড়তে হতে পারে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে হয়তো মোদিকে সঙ্গেই নিয়ে আসবেন।
বুধবার (২২ জুলাই) রাতে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুমের ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে এবং দেশে আগের শাসনব্যবস্থার কাঠামো বহাল রয়েছে। তিনি আরও দাবি করেন, গুম কমিশন গঠনের সুপারিশ থাকলেও সবচেয়ে বেশি নির্যাতনের শিকার দাবি করা একটি দল এখন সেই কমিশনের বিরোধিতা করছে।
পথসভা শেষে মোংলা পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।
