নিজস্ব প্রতিবেদক: শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে অভিযাত্রী আন্তঃস্কুল বিতর্ক উৎসব ও বিজ্ঞান মেলা–২০২৬। জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার আয়োজনে ২২ আগস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করে। রোবট, পরিবেশবান্ধব প্রযুক্তি, স্মার্ট সাবমেরিন সিস্টেম, জুতা থেকে বিদ্যুৎ তৈরি, সৌরশক্তি, পানি পরিশোধনসহ বিভিন্ন উদ্ভাবনী ধারণা তুলে ধরে তারা।
কোনো প্রকল্পে বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরির উদ্যোগ, আবার কোনো প্রকল্পে বিকল্প জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মডেল তুলে ধরা হয়। পাশাপাশি ছিল ছোট আকারের স্মার্ট সাবমেরিন সিস্টেম, যা পানির নিচে চলাচল ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ধারণা প্রদর্শন করে।
শিক্ষার্থীদের এসব প্রকল্প ঘুরে দেখেন দর্শনার্থী ও অভিভাবকরা। তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা ঘিরে মেলায় তৈরি হয় আগ্রহ।
সকাল ১০টায় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বিজ্ঞান মেলার প্রদর্শনী ও প্রকল্প মূল্যায়ন। প্রকল্পগুলোর বৈজ্ঞানিক ধারণা, সৃজনশীলতা ও বাস্তব প্রয়োগের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিচারকরা সেগুলো মূল্যায়ন করেন।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ বি এম শওকত আলী ও মুজাহিদুল ইসলাম।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
