ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে ‘আরেকটি বিপ্লব আসন্ন’। এ জন্য তিনি দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি বর্তমান পরিস্থিতি উপলব্ধি না করে, তাহলে তাদের পতন ঠেকানো যাবে না। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি হচ্ছে এবং জনগণের রায়কে সম্মান না করলে এর পরিণতি ভোগ করতে হবে।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে তারা কোনো চাপ বা প্রলোভনের মুখেও সরে আসবেন না। জেল-জুলুম কিংবা ফাঁসির ভয় দেখিয়েও তাদের দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে পরে দাম বাড়ানো হয়, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। একই সঙ্গে তিনি দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে ১১-দলীয় জোটের বিভিন্ন নেতাও উপস্থিত ছিলেন।
