ডেস্ক রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ কয়েকজন আহত হওয়ার দাবি করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটসংলগ্ন এলাকায় ‘অদম্য জুলাই’ শীর্ষক কর্মসূচিকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছাত্রশিবির কর্মসূচি পালনকালে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে এবং উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত দাবি করেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে বহিরাগতরা অংশ নিয়েছিল এবং সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়া হচ্ছিল। এতে আপত্তি জানালে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
