ডেস্ক রিপোর্ট: ভারতের বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তরুণ প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে জড়িত এ ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোদির এ ঘোষণার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাল্টা প্রতিক্রিয়ায় অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে সংকটে ফেলেছে। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে সরকারের ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগে তিনি দাবি করেছিলেন, গত ১০ বছরে দেশে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলো এবং আন্দোলনকারীরা রাজপথ ও সংসদে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সরকার সংসদে এ বিষয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও বিরোধীদের শর্তের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন দল।
সূত্র: এনডিটিভি।
