ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় দুই সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয় পুলিশ। স্বেচ্ছাসেবকেরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ করেন।
নিরাপত্তার স্বার্থে যন্তর মন্তর কেন্দ্রিক প্রায় দেড় কিলোমিটার এলাকায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটকের পর রাজধানীর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, দিল্লি পুলিশ।
