ডেস্ক রিপোর্ট: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে নির্ভুল ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়টি জানান।
ককরোচ জনতা পার্টি (সিজিপি) নেতৃত্বাধীন শিক্ষার্থীদের সংসদ ভবন অভিযান পুলিশি বাধার মুখে পড়া এবং পরে যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত থাকার প্রেক্ষাপটে মোদির এ বক্তব্য আসে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট পরীক্ষাসহ বিভিন্ন অনিয়মের বিচার দাবি করছেন।
প্রধানমন্ত্রী বলেন, নিট কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে।
এদিকে, আন্দোলনের সমর্থনে অনশনরত অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর সেখান থেকেই তিনি পুনরায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সময়ে সিজিপির দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিনামা তুলে দেন।
এ ছাড়া নিট কেলেঙ্কারি ও অন্যান্য ইস্যুতে বিরোধী দলগুলোর বিক্ষোভে ভারতের পার্লামেন্টের বাদল অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমও ব্যাহত হয়।
সূএ: এনডিটিভি
