ডেস্ক রিপোর্ট: নতুন বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬–২৭ অর্থবছরে ২৭টি দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইপিবির ১৪৯তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী ও ইপিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাতকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যালেন্ডার অনুমোদন করা হয়। এর আওতায় ২৭টি দেশে ৫০টি আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত করতে নেওয়া উদ্যোগের বাস্তব ফল আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, লেদার, এগ্রো প্রসেসিং, লাইট ইঞ্জিনিয়ারিংসহ অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাতগুলোর ডাবল ডিজিট প্রবৃদ্ধির মাধ্যমে বড় রপ্তানি খাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাণিজ্যমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপদের আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, নতুন উদ্যোক্তাদের বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা করবে ইপিবি।
সভায় ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৭ আয়োজনের জন্য স্টিয়ারিং কমিটি অনুমোদন করা হয়। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে মেলা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) ইজারা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
