ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় ১২ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। একই সঙ্গে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক (আরএমজি) খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
সর্বশেষ রপ্তানি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে দেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলারে। জুন মাসে এ পরিমাণ ছিল ৪ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার।
জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের মাসের ৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের তুলনায় ১৪ দশমিক ৭৩ শতাংশ বেশি।
জুলাইয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে ৯১৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২৫ শতাংশ বেশি।
দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার ছিল জার্মানি, যেখানে রপ্তানি হয়েছে ৪৯৫ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। এরপর রয়েছে যুক্তরাজ্য, যেখানে রপ্তানির পরিমাণ ছিল ৪৭৮ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার।
প্রধান রপ্তানি গন্তব্যগুলোর মধ্যে ভারত ও সৌদি আরবে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। ভারতীয় বাজারে রপ্তানি ১৫ দশমিক ৩০ শতাংশ এবং সৌদি আরবে ১০ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সামনে উৎসব মৌসুমকে কেন্দ্র করে নতুন রপ্তানি আদেশ, অপ্রচলিত বাজারে সম্প্রসারণ এবং নতুন পণ্য সংযোজনের মাধ্যমে আগামী মাসগুলোতেও রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।
