ডেস্ক রিপোর্ট: ইরানের ওপর পূর্বপরিকল্পিত হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
রোববার (২ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের ভবিষ্যৎ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি হামলার পরিকল্পনা বাতিল করতে রাজি হয়েছেন। তবে এজন্য ইরানকে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে।
ট্রাম্প দাবি করেন, সম্ভাব্য চুক্তির মূল রূপরেখা চূড়ান্ত হয়েছে এবং এতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে এবং এ সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন সপ্তাহান্তে ইরানের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। এমন পরিস্থিতিতে হামলা স্থগিতের ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অন্যদিকে তেহরান উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে সতর্ক করেছে, ওয়াশিংটনকে সহযোগিতা করা যেকোনো আঞ্চলিক রাষ্ট্র ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে’।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা টিআরটি জানিয়েছে, সম্ভাব্য মার্কিন হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েল তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।
সূত্র: বিবিসি, আল জাজিরা
