ডেস্ক রিপোর্ট, ঢাকাচ্যাট
ভেনেজুয়েলায় কয়েক বছর ধরে বন্ধ থাকা কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে আবার প্রবেশাধিকার চালু করা হয়েছে। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কনাটেল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশটির অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলের কয়েকটি অংশের মধ্যে সংলাপ শুরুর প্রাক্কালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংলাপে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টিও আলোচনায় রয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় কয়েক শত ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছিল। কনাটেল এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমে প্রবেশাধিকার আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল করা হয়েছে।’
ডিজিটাল অধিকারবিষয়ক সংগঠন ‘ভেনেজুয়েলা সিন ফিলত্রো’ জানিয়েছে, কয়েকটি ইন্টারনেট সেবা প্রদানকারীর মাধ্যমে ১৭টি সংবাদ ওয়েবসাইটে প্রবেশাধিকার পুনরায় চালুর বিষয়টি তারা নিশ্চিত করেছে। তবে সংগঠনটির তথ্য অনুযায়ী, অন্তত ১৮৮টি ওয়েবসাইট এখনো বন্ধ রয়েছে। এর মধ্যে ৭৯টি সংবাদমাধ্যমের ওয়েবসাইট।
মাদুরো প্রশাসনের সেন্সরশিপের বিরুদ্ধে সাংবাদিক ও বেসরকারি সংস্থাগুলো দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছে। বন্ধ থাকা ওয়েবসাইটগুলোতে প্রবেশের জন্য ব্যবহারকারীদের ভিপিএনের ওপর নির্ভর করতে হতো।
ভেনেজুয়েলার উপ-যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিয়াপোল বলেছেন, দেশের বিভাজন দূর করাই ওয়েবসাইটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য।
