ডেস্ক রিপোর্ট, ঢাকাচ্যাট
হরমুজ প্রণালীতে ‘অজ্ঞাত একটি বস্তুর’ আঘাতে একটি ট্যাংকারে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
শুক্রবার ইউকেএমটিও জানায়, একটি জাহাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তার (সিএসও) কাছ থেকে তারা খবর পেয়েছে যে ট্যাংকারটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।
দুবাই থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন। তবে ঘটনাটির কারণে পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আঘাতের উৎস বা ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকেএমটিও।
