ডেস্ক রিপোর্ট, ঢাকাচ্যাট
শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নতুন বাড়িতে উঠেছেন। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে তার কাছে বাড়িটি হস্তান্তর করা হয়।
‘আমরা বিএনপি পরিবার’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর তার চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে পরে নতুন বাড়ি নির্মাণের নির্দেশ দেন তারেক রহমান। এর ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য বাড়িটি নির্মাণ করা হয়।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। তাদের দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
