ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ২৫ কেজি ওজনের একটি হিলা মাছ ধরা পড়েছে। পরে স্থানীয় মৎস্যঘাটে উন্মুক্ত নিলামে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
রোববার (২ আগস্ট) সকালে বড় আকৃতির হিলা মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাতাব্বরহাট ঘাটে শত শত মানুষ মাছটি দেখতে ভিড় করেন। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
জেলেরা জানান, দীর্ঘদিন ধরে মেঘনায় মাছ ধরলেও এত বড় হিলা মাছ খুব কমই জালে ধরা পড়ে। এমন মাছ পেয়ে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।
স্থানীয়দের মতে, লক্ষ্মীপুরের মেঘনায় এত বড় হিলা মাছ ধরা পড়ার ঘটনা বিরল। ফলে মাছটি দিনভর এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
মাছটির ক্রেতা আলী মাঝী জানান, এত বড় হিলা মাছ সচরাচর বাজারে পাওয়া যায় না। তাই বিশেষ আগ্রহ থেকেই তিনি নিলামে ৩৫ হাজার টাকায় মাছটি কিনেছেন।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, মেঘনায় এমন বড় আকারের মাছ ধরা পড়া নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য ইতিবাচক বার্তা। তিনি আশা প্রকাশ করেন, সরকারি নিয়মকানুন মেনে মাছ আহরণ করলে ভবিষ্যতে এ ধরনের বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।
