ডেস্ক রিপোর্ট: ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার লাউয়ারগড়ে ১৪০ মিলিমিটার এবং সুনামগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৯টার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ৮ দশমিক ৮৬ মিটার, যা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে, লাউয়ারগড়ে ৬১ সেন্টিমিটার নিচে এবং দিরাই পয়েন্টে ৪৯ সেন্টিমিটার নিচে থাকলেও অধিকাংশ স্থানে পানি বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।
রোববার রাতে পাহাড়ি ঢলের পানি তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকায় আবারও লোকালয়ে প্রবেশ করে। এতে বেশ কয়েকটি বাড়িঘর নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিম্নাঞ্চলের অনেক পরিবার দুর্ভোগে পড়েছে।
এদিকে, টানা বৃষ্টিতে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তার সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের চাপ বজায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
