নিজস্ব প্রতিবেদক: “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেকের সার্বিক তত্ত্বাবধানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদক নির্মূলে জনসম্পৃক্ততা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র্যালি ও পথসভায় সংশ্লিষ্ট সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। পরে র্যালিটি সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
