ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের অনেক আশা-আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। তবে রাষ্ট্র পুনর্গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে।
রোববার (১৯ জুলাই) ন্যাশনাল এডিটরস কাউন্সিলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, শিক্ষার্থীদের সংগ্রাম ও আত্মত্যাগ নতুন স্বপ্ন ও আশার জন্ম দিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে নতুন রাষ্ট্র গঠনের উদ্যোগ সফল করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদের কিছু বিষয় এড়িয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সংবিধান সংশোধন কমিটিতে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
