ডেস্ক রিপোর্ট: বন্যাকবলিত পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছেন নাছির তামজিদ। চিঠিতে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের দুর্ভোগ তুলে ধরে সরকারের সিদ্ধান্ত ও প্রস্তুতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হলেও অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের বিষয়টি কীভাবে বিবেচনা করা হয়েছে, তা স্পষ্ট নয়। তিনি জানতে চান, পরীক্ষা চালিয়ে যাওয়ার আগে কোনো ঝুঁকি মূল্যায়ন করা হয়েছিল কি না, বন্যার কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়েছিল কি না এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়েছে কি না।
নাছির তামজিদ বলেন, নেতৃত্ব শুধু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও জনগণের সামনে তুলে ধরা উচিত। তিনি আরও বলেন, শিক্ষা শুধু পরীক্ষার বিষয় নয়, একটি রাষ্ট্র তার ভবিষ্যৎ প্রজন্মকে কতটা গুরুত্ব দেয়, সেটিও এর গুরুত্বপূর্ণ অংশ।
খোলা চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
