ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট ৫৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। পরীক্ষায় উত্তীর্ণের হার ২৬ দশমিক ৪৮ শতাংশ।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র রয়েছে ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন। ছাত্রদের মধ্যে ট্যালেন্টপুলে ১৬ হাজার ৩৯৮ জন ও সাধারণ গ্রেডে ১৯ হাজার ৪৯৪ জন বৃত্তি পেয়েছে। অন্যদিকে ছাত্রীদের মধ্যে ট্যালেন্টপুলে ১৬ হাজার ৫৬৭ জন এবং সাধারণ গ্রেডে ২৬ হাজার ৭৮৭ জন বৃত্তি অর্জন করেছে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএস এবং অনলাইন—উভয় মাধ্যমেই নিজেদের ফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া অনলাইনে **[ওয়েবসাইটে](https://ipemis.dpe.gov.bd/)** প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।
