ডেস্ক রিপোর্ট: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগ তুলে এর প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা এসব সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, সিটি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ ও ক্যামব্রিয়ান কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।
ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, “শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন। বিভিন্ন কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়া যতদিন থাকবে, ততদিন পরীক্ষা স্থগিত রাখতে হবে।”
তিনি বলেন, “১৩ জুলাই ফিজিক্স ও অ্যাকাউন্টিং পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেনি। ওই দুটি পরীক্ষা পুনরায় নিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।”
সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এরপরও পরীক্ষা স্থগিত করা হয়নি।
তিনি আরও বলেন, “সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক শিক্ষার্থী প্রত্যাশিতভাবে পরীক্ষা দিতে পারেনি এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।”
সায়েন্সল্যাব মোড়ের অবরোধের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তোয়াহা ইয়াসীন হোসেন বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্সল্যাবমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে, একই সময়ে উত্তরা বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে দেখা যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রুবেল হক বলেন, সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে তিন দফা দাবি জানিয়ে কর্মসূচির ঘোষণা দেন এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো— বৈরী আবহাওয়া পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
