ডেস্ক রিপোর্ট: রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মাধ্যমে রাজধানীর আরও বেশি এলাকায় নজরদারি বাড়িয়ে ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরাগুলো কার্যকর হলেও সেগুলোর ব্যয় তুলনামূলক বেশি। তাই কম খরচে অধিক সংখ্যক ক্যামেরা স্থাপনের জন্য নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নতুন ক্যামেরা চালু হলে রাজধানীর বিভিন্ন সড়কে নজরদারি আরও বাড়বে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে বলে আশা করছে ডিএমপি।
আনিছুর রহমান জানান, এআই ক্যামেরা চালুর পর গত দুই মাসে নগরবাসীর ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেক চালক ও পথচারী এখন ট্রাফিক আইন মেনে চলছেন, যা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ মিশ্র যানবাহন, অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল, আনফিট যানবাহন এবং উন্নত গণপরিবহনের অভাব। পাশাপাশি যত্রতত্র রাস্তা পারাপারের প্রবণতাও যানজট বাড়াচ্ছে।
ডিএমপির তথ্যমতে, রাজধানীর প্রায় ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৪ ঘণ্টা ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর নজরদারি আরও সম্প্রসারণের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
