ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটের পর থেকে বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যার কথা জানাতে শুরু করেন।
ডেস্কটপ ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে গিয়ে ‘Sorry, something went wrong. We’re working on it, and we’ll get it fixed as soon as we can’ বার্তা দেখতে পান। অন্যদিকে মোবাইল অ্যাপে অনেকের ফিড আপডেট হচ্ছিল না এবং অ্যাপটি আগের লোড হওয়া পেজেই আটকে ছিল।
মেসেঞ্জার ব্যবহারকারীদের অনেকেই হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে যান। পুনরায় লগইন করার চেষ্টা করলে ‘Unable to log in’ বার্তা প্রদর্শিত হচ্ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রথমদিকে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম স্বাভাবিকভাবে চললেও পরে ইনস্টাগ্রাম এবং থ্রেডসেও বিভ্রাটের খবর পাওয়া যায়। এছাড়া হোয়াটসঅ্যাপের মোবাইল অ্যাপ সচল থাকলেও ওয়েব সংস্করণে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী।
এদিকে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট Downdetector এবং Is It Down Right Now-তেও প্রবেশে সমস্যা দেখা দেয়। ধারণা করা হচ্ছে, বিপুলসংখ্যক ব্যবহারকারী একই সময়ে ফেসবুকের অবস্থা যাচাই করতে গিয়ে এসব ওয়েবসাইটে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছেন।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মেটা। একই সঙ্গে সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
