ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে এক নাটকীয় মোড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিকল্পিত বিমান হামলা ও বোমাবর্ষণ বাতিল ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলা পরিচালিত হওয়ার কথা ছিল।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং সেখান থেকে সম্মতি পাওয়া গেছে। এই পরিস্থিতিতে তিনি নির্ধারিত হামলা বাতিলের সিদ্ধান্ত নেন।
ট্রাম্প দাবি করেন, প্রস্তাবিত চুক্তির বিষয়ে ধারণাগত ও বিস্তারিত উভয় দিক থেকেই সম্মতি জানিয়েছে একাধিক দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্দান ও মিসর।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শীঘ্রই ঘোষণা করা হবে। তবে চুক্তি পুরোপুরি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের উত্তেজনা চলে আসছে। সাম্প্রতিক এই কূটনৈতিক অগ্রগতিকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।
