ডেস্ক রিপোর্ট: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আর্থিক কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে অভিযোগের বিষয়ে তিনি গ্রহণযোগ্য ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এছাড়া তার বিভিন্ন কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও জেলা ছাত্রদলের মূল্যায়নে উঠে এসেছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা অনুসারে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রনি বলেন, অভিযোগগুলো সাংগঠনিকভাবে যাচাই-বাছাই করা হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
