ডেস্ক রিপোর্ট: তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ ঘোষণা করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এই আইনি লড়াইয়ে তারা প্রাথমিক জয় পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্ট মাদ্রাজ হাইকোর্টের এই নিষেধাজ্ঞার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, হাইকোর্টের এই নির্দেশনাটি আইনি পর্যালোচনার দাবি রাখে।
সংশ্লিষ্টদের মতে, এই রায়ের ফলে তামিলনাড়ুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে একটি বড় স্বস্তি এসেছে।
উল্লেখ্য, গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের আগস্ট মাসের একটি পুরোনো সরকারি আদেশ কার্যকর করে সমগ্র তামিলনাড়ু রাজ্যে গরু জবাইয়ের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের ওই আদেশকে সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যুক্তি দেয় যে, দেশের বিদ্যমান আইন ও সংবিধিবদ্ধ বিধান যখন নির্দিষ্ট নিয়ম মেনে নির্ধারিত স্থানে বিশেষ শ্রেণির গরু জবাইয়ের স্পষ্ট অনুমতি দেয়, তখন সেই আইনের পরিপন্থি কোনো আদালতি নির্দেশ বা নিষেধাজ্ঞা টিকে থাকতে পারে না।
ঐতিহ্যগতভাবে মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল আজহার সময় স্থানীয় বিধিবিধান মেনে ধর্মীয় সমাবেশ ও ব্যক্তিগত প্রাঙ্গণে পশু কোরবানি দিয়ে থাকেন। পাশাপাশি তামিলনাড়ুর কিছু হিন্দু মন্দিরেও বার্ষিক উৎসবের সময় ধর্মীয় রীতি মেনে পশু বলিদানের প্রথা প্রচলিত রয়েছে।
