ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার সকালে বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
খালের পাড়ে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। পরে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে তিনি প্রথম গাছের চারা রোপণ করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও একটি গাছের চারা লাগান।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি জানান, এদিন আড়াই হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি শিশুর জন্মের পর যেমন পরিবারের সদস্যরা তার যত্ন নেন, ঠিক তেমনি প্রতিটি গাছের চারারও নিয়মিত পরিচর্যা করতে হবে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।
গৌরনদীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হবেন।
