ডেস্ক রিপোর্ট: মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক নির্মাণের ৬০ বছর পার হলেও এখনও পাকা হয়নি। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটির কারণে তিন গ্রামের বাসিন্দারা বছরের পর বছর ধরে চরম দুর্ভোগে রয়েছেন। বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান কাদা ও বড় বড় গর্ত সৃষ্টি হয়। এতে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থী, কৃষক, গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। কাদায় পিছলে দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।
এলাকাবাসী জানান, আশপাশের এলাকায় উন্নয়ন হলেও এই সড়কটি এখনও কাঁচা রয়ে গেছে। দ্রুত সড়কটি পাকাকরণের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করার দাবি জানান তারা।
ঝাউদি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মিন্টু হাওলাদার বলেন, সড়কটি সংস্কারের জন্য একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো বরাদ্দ বা অনুমোদন পাওয়া যায়নি।
মাদারীপুর সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনোয়ার হোসেন বলেন, বরাদ্দ পাওয়া গেলে সড়কটির কাজ করা হবে। তবে এ বিষয়ে তাদের কাছে কোনো লিখিত আবেদন বা অভিযোগ আসেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, যেসব সড়কের সংস্কার প্রয়োজন, সেগুলোর তালিকা অনুযায়ী বরাদ্দের ভিত্তিতে পর্যায়ক্রমে কাজ করা হবে।দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন।
