ডেস্ক রিপোর্ট: চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কর্মকাণ্ডকে ‘ভাইরাল রোগ’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ত্রাণ বিতরণ প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, সরকার বন্যা মোকাবিলায় ইতোমধ্যে ১০টি বিশেষ পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, দুর্গত এলাকায় ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পাঁচটি জেলায় ২ কোটি ১৫ লাখ টাকা ও ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি, স্যানিটেশন, শিশুখাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ, আইনশৃঙ্খলা রক্ষা এবং উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বন্যাকবলিত এলাকায় প্রশাসনের কেউ যায়নি—এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, জামায়াতের আমির যাওয়ার আগেই স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্গত এলাকায় পরিদর্শন করেছেন। বিরোধী দলের নেতা হওয়ায় তার সফর বেশি প্রচার পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমিরের পানিতে নেমে পরিদর্শনের সমালোচনা করে রাশেদ খান বলেন, নেতাকর্মীদের নির্দেশনা দেওয়াই তার দায়িত্ব ছিল। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই এভাবে পানিতে নেমেছেন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনও নিয়মিত পানিতে নেমে কাজ করছেন। কিন্তু তিনি ভাইরাল হওয়ার চেষ্টা না করায় তার কাজ ততটা আলোচনায় আসেনি।
