
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ যোগ দিতে ১০ নভেম্বর তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বরের সরকারি সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি ও প্রস্তুতির বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা থাকবেন।সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতা গুরুত্ব পেতে পারে। তবে সম্মেলনের ফাঁকে সৌজন্য সাক্ষাতে নির্দিষ্ট প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।কপ৩১-এ বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হবে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা। পররাষ্ট্র সচিবের ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি।
তাই আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য সহায়তা নিশ্চিত করার দাবি তুলে ধরবে বাংলাদেশ।সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা অর্জনের অভিজ্ঞতাও তুলে ধরা হবে। পাশাপাশি গ্রিন জোনে একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচার নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
১২ ও ১৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের ওপর সৃষ্ট লিঙ্গভিত্তিক ঝুঁকি এবং অন্যটিতে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে।তুরস্কের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে জলবায়ু আলোচনার আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া সহ-সভাপতির দায়িত্ব পালন করছে। বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও অংশীজনদের সঙ্গে পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
