
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঘোষিত সময়সূচি অনুযায়ী আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পিছিয়ে জানুয়ারি থেকে আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বান থাকলেও তা অনুসরণ করছে না ঢাবি। ফলে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় আগের সিদ্ধান্ত বহাল রাখার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ২৫ নভেম্বর আবেদন জমা দেওয়ার শেষ দিন এবং ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। তবে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ২৩ নভেম্বর প্রকাশিত ফলাফলে পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা। উদ্দেশ্য, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ তৈরি করা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শেষ হবে নভেম্বরেই এবং ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই ঢাবির ভর্তি কার্যক্রম এগিয়ে যাবে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাঁদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পেছনে সেশনজটের ঝুঁকিকে কারণ হিসেবে তুলে ধরেছেন সহ-উপাচার্য। তাঁর মতে, করোনার কারণে বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই সেশনজট তৈরি হয়েছে।
ভর্তি কার্যক্রম দুই থেকে তিন মাস পিছিয়ে দিলে তা আরও বাড়তে পারে।অন্যদিকে, ইউজিসির সঙ্গে উপাচার্য ও প্রতিনিধিদের মতবিনিময় সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জানুয়ারি থেকে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রমজান মাস বিবেচনায় রেখে সময়সূচি নির্ধারণ এবং আগে থেকে তারিখ ঘোষণা করা বিশ্ববিদ্যালয়গুলোকে জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তবে ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।এই পরিস্থিতিতে সম্পূরক পরীক্ষা চালুর উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
একদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের দ্বিতীয় সুযোগ দেওয়ার পরিকল্পনা, অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সময়সূচি—দুইয়ের মধ্যে সমন্বয় না থাকলে সেই সুযোগ বাস্তবে সীমিত হয়ে পড়তে পারে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন করার সুযোগ না থাকায় নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
