কপ৩১ সম্মেলনে জলবায়ু খাতে সরকারের পরিমাপযোগ্য অর্জন জনগণের সামনে তুলে ধরার অঙ্গীকার জানান ড. সাইমুম পারভেজ।
ডেস্ক রিপোর্ট: জলবায়ু খাতে সরকারের উদ্যোগের অগ্রগতি ও অর্জন সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের বিষয় ছিল ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট CALL কনসোর্টিয়াম যৌথভাবে এর আয়োজন করে।
ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে নানা উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তন করতে চায়। জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে, এমন কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু পরিকল্পনা বা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। বরং বাস্তব উদ্যোগের মাধ্যমে পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করা। জলবায়ু খাতে কতটুকু পরিবর্তন এসেছে এবং এসব উদ্যোগ মানুষের জীবনে কী প্রভাব ফেলেছে, তার সুনির্দিষ্ট হিসাব জনগণকে জানানো হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও বলেন, আগামী পাঁচ বছর পর জনগণ যেন তথ্য ও বাস্তব অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন, সেই লক্ষ্যেই কাজ চলছে। এ মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, কার্যকর অভিযোজন নিশ্চিত করতে স্থানীয় প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় জরুরি। বিশেষ করে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু ঝুঁকি কমানো এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল। এতে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান এবং GAIN-এর নীতিবিষয়ক প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান।
প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রধান কারিগরি বিশেষজ্ঞ জাহান-জেব চৌধুরী এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলাম।
