
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়। তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব জমা দিতে পারেনি। এ জন্য তারা চার কার্যদিবস সময় চেয়েছে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার বলেন, বর্তমান বাজারদর, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার অন্যান্য খরচ বিবেচনায় শ্রমিকদের মজুরি আরও বেশি হওয়া প্রয়োজন। তাঁর মতে, ২০০৬ সালে নিম্ন মজুরি কাঠামো দিয়ে যে পরিস্থিতির সূচনা হয়েছিল, তার প্রভাব শ্রমিকেরা এখনো বহন করছেন।অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন সভায় কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারেননি। শ্রমিক অসন্তোষের কারণে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি বলে তিনি জানান।
তবে আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে বলে আশ্বাস দিয়েছেন। মজুরি বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না এলে বোর্ড নিজস্ব প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মালিকপক্ষের প্রতিনিধি আরও জানিয়েছেন, প্রস্তাব জমা দিতে দেরি হলেও পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরেই নতুন মজুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
শ্রমিকপক্ষের প্রস্তাবে চারটি গ্রেডে শ্রমিকদের মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। গ্রেড-১-এর সিনিয়র অপারেটরদের জন্য ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর হেলপার ও সহায়ক কর্মীদের জন্য ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তিন মাসের শিক্ষানবিশকালীন মজুরি নির্ধারণের প্রস্তাব ৩০ হাজার টাকা।কারখানার কর্মচারীদের জন্যও পৃথক চার স্তরের কাঠামো প্রস্তাব করা হয়েছে।
এতে গ্রেড-১-এর কর্মচারীদের মাসিক মজুরি ৫৫ হাজার, গ্রেড-২-এর ৫০ হাজার, গ্রেড-৩-এর ৪৫ হাজার এবং গ্রেড-৪-এর ৪০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা দীর্ঘদিন ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন। শ্রমিকপক্ষের নতুন প্রস্তাব সেই দাবির চেয়ে দুই হাজার টাকা বেশি। এখন মালিকপক্ষের পাল্টা প্রস্তাব এবং মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে নতুন মজুরি কাঠামোর পরিমাণ।
