ডেস্ক রিপোর্ট: লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। হামলার পর ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হুতিদের দাবি, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, এটি সৌদি আরবের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলা’ এবং ইয়েমেনের ওপর দীর্ঘদিনের অবরোধের জবাব।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, হামলার সময় একটি ট্যাংকার সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।
সৌদি আরবও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ‘এনসেলিয়া’ ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে আগুন লাগে। তবে সব নাবিক নিরাপদে রয়েছেন। জাহাজ ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে চলমান সংকটের মধ্যে লোহিত সাগরে এ হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।
সূত্র: আল-জাজিরা
