ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের দীর্ঘ কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে অ্যাডমিরাল নাজমুল হাসানের নেতৃত্ব ও অবদানের কথা উল্লেখ করেন।
দেশের সংকটকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর ভূমিকার জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। একই সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান ও তার পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনের সময় নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানও একই ধরনের সহযোগিতা পাবেন বলে আশা ব্যক্ত করেন।
