ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোমবার (২০ জুলাই) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৯০ ডলার অতিক্রম করেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে, যা গত ১১ জুনের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ০৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে সামরিক উত্তেজনা অব্যাহত থাকায় এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে। গত সপ্তাহেও ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
চলতি সপ্তাহেও সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যায়নি। মার্কিন বাহিনী টানা নবম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। একই সময়ে কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার খবরও পাওয়া গেছে।
আইএনজি ব্যাংকের বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত দীর্ঘায়িত হলে পুরো উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে। অন্যদিকে বার্কলেসের বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক তেলের মজুদ কম থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।
এদিকে ইরানের ইসলামি রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
