ডেস্ক রিপোর্ট: উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসের যুদ্ধবিরতির পরও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
ইরানের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে জর্ডানের একটি মার্কিন বিমানঘাঁটি ছাড়াও বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। কাতারের রাজধানী দোহায়ও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শ্র্যাপনেলের আঘাতে এক শিশু আহত হয়েছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে তারা কেশম দ্বীপ ও বন্দর আব্বাসের আশপাশসহ বিভিন্ন স্থানে রাতভর হামলা চালিয়েছে। এসব এলাকায় ইরানের নৌবাহিনী ও বিপ্লবী রক্ষীবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ থেকে পরিচালিত হামলায় ইরানের উপকূলীয় নজরদারি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক রসদ অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
