ডেস্ক রিপোর্ট: ক্ষতিকর ও মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে বাজার থেকে তিন ধরনের প্যাকেটজাত খাদ্যপণ্য প্রত্যাহার এবং সেগুলোর বিক্রি ও বিপণন বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নিষিদ্ধ হওয়া পণ্যগুলো হলো— ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
বিএফএসএ জানায়, পরীক্ষাগারে খাদ্যপণ্যগুলোর নমুনা পরীক্ষায় মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ পাওয়া গেছে। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব পণ্যের বিক্রি ও বাজারজাতকরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
