ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পাঁচটি চোরাই অটো (ইজিবাইক) উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা অটোচোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ও সন্ধ্যায় সদর উপজেলার বিডিআর গেট ও কুলাঘাট বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব অটো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে অটো চুরি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের শহীদ শাহজাহান কলোনী এলাকা থেকে সুভাষ চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুলাঘাট বাজারের একটি অটো সেন্টারে অভিযান চালিয়ে আরও চারটি চোরাই অটো ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানের সময় অটো সেন্টারের মালিক পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অটোগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
