ডেস্ক রিপোর্ট: বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।
তিনি বলেন, ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাল এবং ৭৫ হাজার পরিবারকে চাল, ডালসহ শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া প্রায় ৪০ হাজার মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম প্রয়োজন অনুযায়ী চলমান থাকবে।
অর্থমন্ত্রী আরও জানান, পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বীজ, সারসহ কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে সম্ভাব্য রোগব্যাধি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
