। ডেস্ক রিপোর্ট: নবম জাতীয় পে-স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বৈঠকে পে-স্কেল ইস্যু আলোচনায় আসেনি। তবে চলমান ঋণ কর্মসূচি ও অর্থনৈতিক সংস্কার নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি জানান, নতুন ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ যেসব শর্ত দিয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, কর ব্যবস্থার উন্নয়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি, আর্থিক খাতের সংস্কার এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এসব বিষয়ে আইএমএফ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, সরকার আইএমএফের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
