ডেস্ক রিপোর্ট: অনলাইনে মাদকদ্রব্য কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার(১৩ জুলাই) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব এবং সংশোধনীগুলো নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।
নতুন বিলে বলা হয়েছে, মাদকসংক্রান্ত সাইবার অপরাধ প্রমাণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না। ডিজিটাল ও অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতেও অপরাধ প্রমাণ করা যাবে।
এ ছাড়া বিলে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের সুযোগ, নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার স্থাপন, ডগ স্কোয়াড গঠন এবং মাদকসংক্রান্ত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখা ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর বিলটি আইনে পরিণত হবে।
