ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম, ১৩ জুলাই: টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে EcoQuantix, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম কলেজ।
গত রবিবার (১২ জুলাই ২০২৬) সকালে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হয়। দলটি কাথারিয়া, সরল ও ছনুয়া—এই তিনটি ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।
আয়োজকদের জানানো হয়, এবারের কার্যক্রমের মূল লক্ষ্য ছিল এমন প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছানো, যেখানে অতিরিক্ত পানির কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এখনো পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছায়নি। প্রতিকূল পরিস্থিতি ও রাস্তার কোনো স্পষ্ট চিহ্ন না থাকা সত্ত্বেও নৌকার মাধ্যমে দুর্গম এলাকায় পৌঁছে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় ৫৫০টিরও বেশি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল বন্যাদুর্গত পরিবারের প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
EcoQuantix-এর পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। একই সঙ্গে এ মানবিক উদ্যোগে সহযোগিতা ও সমর্থন প্রদানকারী সকল শুভানুধ্যায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
