ডেস্ক রিপোর্ট: নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস-সহ শিক্ষা খাতের একাধিক কেলেঙ্কারির প্রতিবাদে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে রাজধানী নয়াদিল্লির জন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই আন্দোলনের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করামাত্র ১০ থেকে ১৫ জন পুলিশ কর্মকর্তা দিপকেকে ঘিরে ধরেন। পরে দুপুরে তিনি বিক্ষোভস্থলে পৌঁছান। উল্লেখযোগ্যভাবে, তাঁর পৌঁছানোর পরই কর্মসূচি আয়োজনের অনুমতি দেয় পুলিশ।
চলতি সপ্তাহের শুরুতে দেশে ফেরার ঘোষণা দিয়ে দিপকে জানিয়েছিলেন, পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম ও ব্যর্থতার দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তিনি শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করবেন।
এই বিক্ষোভে যোগ দিয়েছেন বিশিষ্ট শিক্ষা সংস্কারক ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। জন্তর-মন্তরে পৌঁছে তিনি বিক্ষোভকারীদের পাশে অবস্থান নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়ে অভিজিৎ দিপকে লেখেন, “আমি জন্তর-মন্তরে সবাইকে দেখার জন্য অপেক্ষা করছি। আমাদের এ আন্দোলন ভালোবাসা ও শান্তির মাধ্যমে এগিয়ে নিতে হবে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ ও আধা-সামরিক বাহিনী।
