ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর সফর করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে তারেক রহমানকে চিঠি পাঠান। একই সময়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও বেইজিং সফরের আমন্ত্রণ জানান। তবে ভারত বা চীনের পরিবর্তে মালয়েশিয়াকেই প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে নির্বাচন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সরকার গত ১ জুন আনুষ্ঠানিকভাবে সফরটি নিশ্চিত করে চিঠি পাঠিয়েছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও এ সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি ও আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
