ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে দেশজুড়ে শুরু হয়েছে প্রিয় দলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা। মৌলভীবাজারের রাজনগরে ঘটেছে তেমনই এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের এক ব্রাজিল সমর্থক দল বদলে আর্জেন্টিনার সমর্থক শিবিরে যোগ দিয়েছেন। তাকে দুধ দিয়ে গোসল করিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন আর্জেন্টিনা ভক্তরা।
শনিবার (৬ জুন) রাজনগর উপজেলায় এ ঘটনা ঘটে। আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের আয়োজিত এক অনুষ্ঠানে ব্রাজিলের সাবেক সমর্থক ইমরান খান আর্জেন্টিনার প্রতি সমর্থন ঘোষণা করেন।
ইমরান খান জানান, বহু বছর ধরে তিনি ব্রাজিল দলের সমর্থক ছিলেন। তবে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক আসরে দলের ধারাবাহিক ব্যর্থতায় হতাশ হয়ে তিনি সমর্থন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই তিনি আর্জেন্টিনা সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন।
বিশ্বকাপ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার। সকালে কেক কেটে দলের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেচে-গেয়ে এবং নানা আয়োজনে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনার সমর্থকরা।
আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, “বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় দলের সাফল্য কামনায় আমরা এ আয়োজন করেছি। তবে এবারের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল একজন ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনা শিবিরে যোগদান, যাকে দুধ দিয়ে গোসল করিয়ে স্বাগত জানানো হয়েছে।”
উল্লেখ্য, আগামী ১১ জুন বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো বাংলাদেশের সমর্থকরাও এখন অপেক্ষায় রয়েছেন, শেষ পর্যন্ত কোন দলের হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি।
