ডেস্ক রিপোর্ট: ২০২৬ বিশ্বকাপের ফাইনালই লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ—এমন জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনই জাতীয় দল ছাড়ার কোনো সিদ্ধান্ত নেননি তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে আবারও মাঠে দেখা যেতে পারে ৩৯ বছর বয়সী এই তারকাকে।
টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলেই জাতীয় দলকে বিদায় জানানোর পরিকল্পনা নিয়ে টুর্নামেন্টে আসেননি মেসি। ঘনিষ্ঠজনদের কাছেও তিনি এমন কোনো ইঙ্গিত দেননি।
স্পেনের বিপক্ষে ফাইনালে ১-০ গোলে হারের পর আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় পরাজয়ের কষ্ট, সতীর্থদের প্রচেষ্টা এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি।
বিশ্বকাপ শেষে আপাতত বিশ্রামে থাকবেন মেসি। এরপর মানসিকভাবে প্রস্তুত হয়ে জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। প্রতিপক্ষ ও সূচি এখনও চূড়ান্ত না হলেও, মেসি খেলা চালিয়ে গেলে ওই ম্যাচগুলোর কোনো একটিতে আকাশি-সাদা জার্সিতে আবারও মাঠে নামতে পারেন।
বিশ্বকাপটি মেসির শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা থাকলেও, তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখনই শেষ হচ্ছে না। আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ ভবিষ্যতে দেশের মাটিতে সমর্থকদের সামনে তাকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনাও করতে পারে।
