ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় আগামীকাল থেকে ২ সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাত বিবেচনা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামীকাল থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার জন্য প্রাধ্যক্ষদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যেভাবে খোলা থাকবে, তেমনই কার্যক্রম চলবে।
এর আগে, গতকাল শুক্রবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়। এমনকি ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলসহ বেশ কয়েকটি হলের ভবনের পলেস্তারা খসে পড়েছে।
