ডেস্ক রিপোর্ট: পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে পৌরসভার মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কয়েকশ লোক পুলিশের ওপর হামলা চালায় এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
তবে স্থানীয়দের দাবি, নিরীহ মানুষকে আটক করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের ছাড়িয়ে নেয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবও হামলায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
