ডেস্ক রিপোর্ট: বরগুনার পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণের কাজে যাওয়ার পথে বলেশ্বর নদীতে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে জাহাঙ্গীর নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইসসংলগ্ন বলেশ্বর নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাহাঙ্গীর পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।
ট্রলারের মাঝি জানান, আটজন শ্রমিককে নিয়ে ট্রলারটি চারা রোপণের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে গেলে সবাই নদীতে পড়ে যান। পাশ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের সহায়তায় সাতজনকে উদ্ধার করা হলেও জাহাঙ্গীর নিখোঁজ থাকেন।
ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ইউএনও ও কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে এবং নিখোঁজ শ্রমিককে উদ্ধারে সমন্বিত অভিযান চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
