ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইরানে নতুন করে ৯০ মিনিটের বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার ওয়াশিংটন সময় সকাল ৭টা ৩০ মিনিটে অভিযানটি সম্পন্ন হয়।
সেন্টকমের দাবি, অভিযানে গ্রেটার টুনব দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে। এর ফলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেছে।
মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, এই অভিযানের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করে দেওয়া।
তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা গণমাধ্যমের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতি কিংবা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন দফার হামলা শুরুর ঘোষণা দেয়। সর্বশেষ এ অভিযানের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
